ডিএসসিসিতে ১৩১৯ মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইনজীবীদের সাথে প্রশাসকের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

নতুন মার্কেট নির্মাণ, দোকান বরাদ্দ,পুরনো মার্কেট সংস্কার, দোকান বরাদ্দ,সম্পত্তি ইজারা এবং হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও আদায়সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আর্থিক ও নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ১,৩১৯টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।এরমধ্যে উচ্চ আদালতে ৯৫৪টি ও নিম্ন আদালতে ৩৬৫টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএসসিসির নগর ভবনেপ্রধান নির্বাহী কর্মকর্তামোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ১,৩১৯টি চলমান মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্যানেলভুক্ত আইনজীবীদের সাথে সমন্বয় সভায় এসব তথ্য নিয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি । উচ্চ আদালতে ৯৫৪টি ও নিম্ন আদালতে ৩৬৫টি সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পর্কিত মোট ১৩১৯টি মামলা চলমান রয়েছে।
সভায় ডিএসসিসির আইনজীবীগণ মামলার অগ্রগতির বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এছাড়া, চলমান মামলাসমূহ জনস্বার্থ রক্ষা করে দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় বিষয়ে আলোচনা হয়। সুষ্ঠুভাবে মামলার তথ্য সংরক্ষণের জন্য ডিজিটাল নথি ব্যবস্থাপনার বিষয়ে আইনজীবীদের পক্ষ হতে প্রস্তাব করা হয়। এ সময়, বিভিন্ন মার্কেট নির্মাণ সংক্রান্ত চলমান মামলাসহ জনগুরত্বপূর্ণ মামলাসমূহ আগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “বিদ্যমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ডিএসসিসি তথা জনস্বার্থ রক্ষায় প্রথমবারের মত বিজ্ঞ প্যানেলভুক্ত আইনজীবীগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।” তিনি আশা প্রকাশ করে বলেন, “পারস্পারিক নিবিড় সমন্বয় ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মামলাসমূহ দ্রুত ন্যায্যতার ভিত্তিতে সমাধান হলে, এর সুফল নগরবাসী পাবে।”
সমন্বয় সভার আয়োজন করায় প্যানেলভুক্ত আইনজীবীগণ ডিএসসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেলভুক্ত আইনজীবী এবং বিভাগীয় প্রধানসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















