রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যার মামলা, গ্রেপ্তারের দাবি নিয়ে রাস্তায় ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৬৮)
X

চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা শনিবার (১ নভেম্বর) ঢাকায় মানববন্ধনে অংশ নিতে যাচ্ছেন। বিকেল ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হয়ে গেলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত এখনও শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও হত্যাকারীরা এখনও আইনের আওতায় আসেননি।

সম্প্রতি দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর রমনা থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১১ জনকে আসামি করা হয়েছে। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

আয়োজক কমিটির একজন সদস্য বলেন, ‘সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য এখনও অমীমাংসিত, যা ভক্তদের মনে কষ্টের কারণ হয়ে আছে। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি জানাচ্ছি।’

মানববন্ধনের আগে এবং চলমান সময়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছেন। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় যশোরে সালমান শাহ হত্যার বিচার চেয়ে মশাল মিছিলও অনুষ্ঠিত হয়েছিল। কাঠেরপুল যুব সংঘের উদ্যোগে শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে ভক্তরা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার মণিহার সিনেমা হলের সামনে এসে মোমবাতি প্রজ্বলন করেন।

মোমবাতি প্রজ্বলন শেষে ভক্তরা বলেন, ‘আমরা চাই সালমান শাহর মৃত্যুর সুষ্ঠু বিচার হোক এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও পরিবার ও ভক্তরা সবসময়ই এটিকে পরিকল্পিত হত্যার ঘটনা মনে করেছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝