বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাইফুজ্জামানের আরও ৫ দেশে সম্পদের তথ্য পেয়েছে দুদক , চট্টগ্রামে ২৩ বস্তা নথি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:০১ পিএম  আপডেট: ২১.০৯.২০২৫ ১:০৭ পিএম  (ভিজিট : ১১৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন টাস্কফোর্স।

 এর আগে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া গিয়েছিল।  গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয়। 

গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ৪টায় দুদকের এক অভিযানে সাইফুজ্জামানের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করা হয়। এসব রেকর্ডপত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক  মো. আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

দুদকের এ কর্মকর্তা বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৩ নং শিকলবাহা ইউনিয়নের ওসমান তালুকদারের বাড়ি থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয়। দুদকের উপস্থিতি টের পেয়ে এগুলো পাশের বাড়িতে রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র মতে, ১৬ সেপ্টেম্বর কালুরঘাটে অবস্থিত আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টগুলো গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল। ইউসিবিএলের চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদার প্রথমে সেগুলো নিজের বাড়িতে রাখলেও পরে ১৮ সেপ্টেম্বর অভিযান শুরুর আগে পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন।

উদ্ধারকৃত আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা গেছে, ইতোপূর্বে প্রাপ্ত ৪টি দেশের (যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুর) ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য রয়েছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইনটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস এবং সাইফুজ্জামান চৌধুরীর দ্বারা বিদেশে মুদ্রা পাচার ও মানি লন্ডারিংয়ের প্রমাণও এই ডকুমেন্টে রয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধান টাস্কফোর্স ধাপে ধাপে এসব নথি যাচাই করে সুনির্দিষ্ট তথ্য কমিশনের কাছে উপস্থাপন করবে। গত ১৮ সেপ্টেম্বর বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রক্রিয়ার আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক।

ক্ষমতার পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করার জন্য আদালতে আবেদন করেছে।

প্রায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রীরুকমীলা জামানসহ ইউসিবি ব্যাংকের অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলমান রয়েছে। 

আ. দৈ. /কাশেম/ ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝