রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কার-বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ২৩৫)
X

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই সমাবেশের মধ্যদিয়ে আজ দেশে তারুণ্যের সুনানি হয়েছে। তারা একটি বার্তা দিচ্ছেন, তা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের পথ নির্বাচন। এই নিয়ে হেলাফেলা করা যাবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই, বিচারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই।’

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই সংস্কারের কথা ভিশন ২০৩০-এর মাধ্যমে ঘোষণা করে প্রথম বলেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর ২৭ দফা যা পরে ৩১ দফা সংস্কারের কথা বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে সংস্কার নিয়ে ঐকমত্য হবে না, তা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ করবে। ’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শেখ হাসিনা পতনে সেনাপতির ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত। বিএনপি পতিত স্বৈরাচারের বিচার করবে।’

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা বশির আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এতে ভিড় জড়ো হয়েছেন লাখো তরুণ-যুবক।

সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদের।

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সমাবেশ পরিচালনা করছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এতে আরও বক্তব্য দেবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলর জড়ো হতে দেখা গেছে। বেলা সাড়ে ১০ টার দিকে নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন।

ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনে আসতে দেখা গেছে। এছাড়া এই বিভাগের বাইরে বরিশাল, বগুড়াসহ বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এসেছেস। ‘তারণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি করছে সংগঠন তিনটি৷ ওদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। সকাল থেকেই মাইকে ভেসে আসে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান। ওদিকে সমাবেশ শুরুর আগে মঞ্চে দেশীয় শিল্পীরা তাদের জনপ্রিয় গান পরিবেশন করেন।

নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, টি-শার্ট ও বিভিন্ন রঙের ক্যাপ পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে এসেছেন। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন। অন্যদিকে, নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, নেতাকর্মীদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড়, পুরানা পল্টন মোড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নয়াপল্টন এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝