সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রকাঠামো না বদলালে নতুন শাসকও ‘শেখ হাসিনা’ হয়ে উঠবেন: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ০)
X

রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসবেন, তিনিই আবার ‘শেখ হাসিনা’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শুধু চালক পরিবর্তন করে লাভ নেই, রাষ্ট্র পরিচালনার মূল কাঠামোই বদলাতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়্যাল পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক মতবিনিময় সভার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। এখনও কোথাও কোথাও সেই প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন না আনলে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে তাঁর বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তাঁর অভিযোগ, বাংলাদেশকে রাজনৈতিক ও ভূরাজনৈতিক চাপে রাখতে ভারত আওয়ামী লীগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশপ্রেমকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু নামমাত্র তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে না। প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়া সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। কোনো একক দল নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের চেষ্টা করলে এনসিপি তা প্রতিহত করবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি। এ ছাড়া মুন্সীগঞ্জে নদী ভরাট, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে স্থানীয়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝