সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৭)
X

সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁদের সাহসিকতা ও নীতিবোধ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছিল।

সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে দেশের প্রকৃত পরিস্থিতি জানতে মানুষ বিবিসি ও ভয়েস অব আমেরিকার ওপর নির্ভর করতেন। সে সময় ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের সংবাদ পরিবেশন সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁদের মাধ্যমেই মানুষ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন-সংগ্রামের খবর জানতে পারতেন।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হতো। গ্রেপ্তার ও হয়রানির মধ্যেও গিয়াস কামাল চৌধুরী সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন চালিয়ে গেছেন। নিরাপত্তার কারণে কখনো কখনো তাঁকে সংবাদ পাঠানোর স্থানও গোপন রাখতে হতো। পেশাগত দায়িত্বের প্রতি তাঁর নিষ্ঠা ও সাহসিকতা তাঁকে মানুষের কাছে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, ওই সময়ের অনেক সাংবাদিক নীতিবান, দৃঢ়চেতা ও আপসহীন ছিলেন। নানা প্রলোভন ও চাপের মুখেও তাঁরা আদর্শ থেকে সরে আসেননি। তাঁদের রেখে যাওয়া সত্যনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুসরণীয়।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার দক্ষতা এবং তরুণদের প্রতি আন্তরিক ও স্নেহশীল আচরণ রিজভীকে মুগ্ধ করত। তাঁর ভাষায়, গিয়াস কামাল চৌধুরী শুধু একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী।

আলোচনা সভায় গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝