‘ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক

সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার ও নেতিবাচক ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না জামায়াত। তাঁর অভিযোগ, যেসব ক্ষেত্রে আমূল পরিবর্তন প্রয়োজন, সেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে জাতির সঙ্গে করা অঙ্গীকার থেকে সরে এসেছে।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, তাঁর দল পরিত্যক্ত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছে—এমন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে সরকার। অন্যদিকে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল এবং এখন আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও অস্ত্র ব্যবসা বন্ধ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার অধিকার থাকে না। বিরোধী দলের ওপর দায় চাপানোর পরিবর্তে সরকারের উচিত নিজেদের ব্যর্থতার সমাধানে মনোযোগ দেওয়া।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, সংশোধনের নামে এমন কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়, যা পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে বাতিল হয়ে যেতে পারে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানান জামায়াত আমির।
আসন্ন লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, এ কর্মসূচি নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা মেনে নেওয়া হবে না। ১৯৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করে জামায়াত লংমার্চ করেছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না।
সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে। তাঁর দাবি, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সংবিধান পরিবর্তনের উদ্যোগ বেআইনি।
গোলাম পরওয়ার বিএনপিকে কথিত বেআইনি পথ থেকে সরে আসার আহ্বান জানান। তাঁর অভিযোগ, বিশেষ কমিটির নামে জুলাই জাতীয় সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সুযোগ তৈরি এবং সনদের অঙ্গীকার বাস্তবায়নের পরিবর্তে ভিন্ন পথে এগোনোর চেষ্টা চলছে। এসব উদ্যোগ গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আ.দৈ/আরএস




















