রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিকে নির্বাচন ও হাসিনার বিচারের রোডম্যাপ চাইতে বললেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:২৮ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৫ ৮:৩৪ পিএম  (ভিজিট : ১০৫)
X

বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জাতীয় নির্বাচনের  রোডম্যাপের পাশাপাশি শেখ হাসিনার বিচারের রোডম্যাপ চাইতে অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন,বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়।

আজ শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘আজ বিএনপির সালাহউদ্দিন ভাই বলেছেন- চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।’

সারজিস আলম লিখেছেন, ‘সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে গত ৫ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।’

এনসিপির এ নেতা আরও লেখেন, ‘সালাহউদ্দিন ভাইসহ বিএনপির কাছে আহ্বান থাকবে, নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান। দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান।’

‘এত বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়’- যোগ করেন সারজিস আলম।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝