ড. ইউনুসের সরকারকে প্রভাবিত করার চেষ্টা চলছে: নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্ত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে । তিনি বলেন, একটি দেশে সামিজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। বাংলাদেশে রাজনৈতিক সরকারের সেটি মোকাবেলা ও সমাধানের জন্য কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে।
আজ শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, পরিপূর্ণ সংস্কারের পক্ষে বিএনপি। তবে একবারে শেষ করার বিষয় নয় সংস্কার। একটি প্রক্রিয়ার মাধ্যমে অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে প্রস্তাব দিয়েছে। ঐকমত্যে যদি আগামী জুন বা জুলাইয়ের মধ্যে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাঁধা কোথায়? কাউকে সুযোগ দিতেই এ সময় নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে বাংলাদেশের সব অঞ্চলের মানুষ। অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো এক দফার দাবি জানিয়ে আসছিল। বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফলাফল এই গণঅভ্যুত্থান।
আ. দৈ./কাশেম




















