রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৮৪)
X

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিএনপির জোরালো দাবির মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নির্বাচনের সময়ের ব্যাপারে মতামত জানানো হয়েছে। দলটি জানিয়েছে, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে তারা এত দেরিতে নির্বাচন চান না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) তারা নির্বাচন চান।   

বুধবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই কথা জানিয়েছেন।
এর আগে দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

জামায়াত আমির বলেন, মার্কিন প্রতিনিধি দল জানতে চাচ্ছে আমরা কখন এই নির্বাচনটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবে। আমাদের ভিউ (দৃষ্টিভঙ্গি) হচ্ছে রমজানের আগেই নির্বাচন শেষ হওয়া উচিত। জুন পর্যন্ত অপেক্ষা করে তখন বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। তখন আবার নির্বাচনটা অনিশ্চিত হয়ে যেতে পারে। 

ডা. শফিকুর রহমান বলেন, ওই আশঙ্কার কারণেই রমজানের আগেই যেন নির্বাচন হয়ে যায়। এটা আমাদের মতামত।

তিনি জানান, নির্বাচন নিয়ে জামায়াতের দলগত অবস্থান, সরকার গঠন করলে গণতান্ত্রিক চর্চা কিংবা নির্বাচন পদ্ধতি সম্পর্কেও জানাতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। এর জবাবে জামায়াত ইসলামী মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে, জামায়াত আগামী নির্বাচন আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে দেখতে চায়। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়েও দলটি কথা বলেছে মার্কিন প্রতিনিধি দলের কাছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, জুলাই-অগাস্টে আহত অনেকে হাসপাতালের বিছানায় পড়ে আছে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। এই বিচারও সুষ্ঠু হতে হবে।

এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের ফলাফলে সন্তুষ্ট নয় দলটি। 

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। তারা সুনির্দিষ্ট তারিখ না পেয়ে হতাশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও সরকারকে সতর্ক করেছে বিএনপি। 

তবে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, কোনো মতেই ২০২৬ সালের জুন পার হবে না। এর আগেই নির্বাচন হবে। ভোট নিয়ে অযথা কালক্ষেপণের চেষ্টা তারা করবেন না। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝