রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হালে পানি পেয়েছে বিএনপির, তৃনমূলে কোন্দলে প্রাণহানী বাড়ছে
আরিফ সাওন:
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৬৪)
X


দীর্ঘ দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি কেবল হালে পানি পেয়েছে। এরই মধ্য নিজেরাই জড়িয়ে পড়েছে নিজেদের সঙ্গে কোন্দলে। কোথাও আধিপত্য, কোথাও দখল, কোথাও চাঁদা, কোথাও কমিটি নিয়ে কোন্দলে জড়াচ্ছে। আর সেই কোন্দলে বিএনপির তৃণমূলে ঘটছে প্রাণহাণীও। গত ১১ সেপ্টেম্বর নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জনের প্রাণহানী হয়েছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময়ও একটি জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে যেখানেই কোন্দল হচ্ছে তা নিরসনে হাইকমান্ড থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বহিস্কার, সদস্য স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে- গত ১১ সেপ্টেম্বর নড়াইলের লোহাগড়ায় উপজেলার চর মল্লিকপুর গ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন, চরমল্লিকপুর এলাকার সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৮) ও জিয়া শেখ (৪০)। তারা আপন দুই ভাই। পুলিশ ও এলাকাবাসী জানায়, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখের মধ্যে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সকালে মাহমুদ খানের অনুসারী লোকজন ফেরদৌস শেখের লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

গত ৮ সেপ্টেম্বর নাটোরের বড়াইগ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপ। এতে সাতজন আহত হয়। বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ১৪টি দোকান ও ৯টি বাড়ি ভাঙচুরসহ লুটপাট করা হয়। আহত সাতজনের ছয়জনই রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন কমিটি নিয়ে ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু ও সাসেক সাধারণ সম্পাদক হাবিবুর রহামনের মধ্যে নিয়ে দ্বন্দ চলে আসছিল। কমিটি গঠনের পরদিন ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন হাবিবুর রহমানের সমর্থকরা। এর জেরেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সংঘর্ষ চলে। 

গত ৯ সেপ্টেম্বর নওগাঁর আত্রাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুসহ অন্তত ৫০-৬০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। 

জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই রেলওয়ে স্টেশনে চত্বরে চারদলীয় জোটের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ ও পথসভার আয়োজন করেন। অন্যদিকে আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় আত্রাই উপজেলা ছাত্রদল ও যুবদলের কর্মিসভা ডাকেন। এ নিয়ে সংঘর্ষ হয়।

গত ১০ সেপ্টেম্বর রাজশাহীতে বাগমারা ও তানোরে পৃথক ঘটনায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। বাগমারায় ১৫ জন ও তানোরে ১০ জন আহত হয়েছেন। বাগমারায় ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়টি নিয়ন্ত্রণে রেখে চাঁদা তোলা কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনরি দখলে থাকা কার্যালয়টি ছাত্রদল নেতারা দখলে নিতে গেলে সংঘর্ষ হয়। আর তানোরের ঘটনা ঘটে টিসিবির চাল বিতরণকে কেন্দ্র করে। 

গত ৬ সেপ্টেম্বর চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। কয়েকঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাব-রেজিস্ট্রার অফিস দখল করে চাঁদাবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। 
 
গত ৩১ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় জামালপুর শহরের দেওয়ানপাড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন নেতাকর্মী আহত হন। টানা দুই ঘণ্টা চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া, ৫টি গাড়ি ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নিলোফার চৌধুরী মনি তার লোকজন নিয়ে ভিডিও কনফারেন্সের স্থলে প্রবেশের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনের লোকজনের ধাক্কাধাক্কি হয়। পরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির কৌশলগত বিভিন্ন দিকে পরিবর্তন আনা হচ্ছে। কোনো প্রকার সহিংসতায় কেউ জড়ালে তার বিষয়ে ব্যবস্থা নেওয় হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় নেতাকর্মীদের সঙ্গে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সমাবেশ করেছেন। সেখানে তিনি সহিংসতা পরিহারের ষ্পষ্ট বার্তা দিয়েছেন। সকলবিভেদ ভুলে নেতাকর্মীদের ঐকবদ্ধভাবে থেকে দলকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন। 


আ. দৈ. /কাশেম/ আরিফ 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝