মুকসুদপুর থানায় আগুনের ঘটনায় এসআরবি কর্মকর্তা গ্রেপ্তার
মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে। আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে থানায় অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব কর্মকর্তা নজরদারিতে রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আ.দৈ/আরএস




















