গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১ সদস্য আহত
গাজীপুর প্রতিনিধি

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের সালনায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।
এ ছাড়া মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছয় পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আ.দৈ/আরএস




















