বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক

বিএনপি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপির সিদ্ধান্তই ছিল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া। কেন তাঁর ওপর দলের এমন আক্রোশ তৈরি হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে।
করপোরেট প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, কোনো কর্মী নিজের যোগ্যতা ও দক্ষতায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছাড়িয়ে গেলে তা নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে। বিএনপির সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গেও এমন পরিস্থিতির ইঙ্গিত দেন তিনি।
নিজের নির্বাচনী এলাকার কর্মকাণ্ড তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত আট-নয় বছর ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কাজ করেছেন। এলাকার মানুষের মনোভাব বুঝেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি। জনগণের সঙ্গে কথা না বলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেননি বলেও মন্তব্য করেন।
বিএনপির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, একসময় তিনি বিএনপির রাজনীতি করেছেন। তবে দলের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক থাকলেও দলকে তাঁর মতো মেধাবী ব্যক্তিকে ধারণ করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
টকশোতে খালেদা জিয়ার দেওয়া দায়িত্বের প্রসঙ্গ উঠলে রুমিন ফারহানা বলেন, বিএনপির নীতি অনুযায়ী ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড়। তাই খালেদা জিয়ার বক্তব্যের আলোকে দেশের স্বার্থকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় দলটি।
আ.দৈ/আরএস




















