শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
রাড্ডায় হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ০)
X

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় অবশিষ্ট হামলাকারী ও মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে স্বাস্থ্যকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া মালামালও জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ঘটনা নিয়ে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের ১ নম্বর সেকশনে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় ২০০ ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করে একটি টিনশেড ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেয়। এ ছাড়া পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকাদান কক্ষ ও পরীক্ষাগারসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আসবাবপত্র, ওষুধ, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ভাঙচুর ও লুটপাটের পর সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ডও লাগানো হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।


আ.দৈ/আরএস














Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝