কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। তবে তাঁর নাম-পরিচয়, গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বিজিবি জানায়, ঘটনার পরপরই নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পাল্টা ফায়ার করে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।
আ.দৈ/আরএস




















