ভোটের কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড চালু: শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন, হতদরিদ্র পরিবারগুলোর বিশেষ করে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। তাঁর মতে, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বিএনপির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।
কর্মসূচি বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা আফরিন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















