২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ: কোহলি
স্পোর্টস ডেস্ক

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপকে সামনে রেখে শিরোপা জয়ের লক্ষ্যও জানিয়েছেন ভারতীয় এই তারকা।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ভারতের হয়ে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ জিততে প্রয়োজনীয় সবকিছু করার জন্য তিনি প্রস্তুত বলেও জানান।
৩৭ বছর বয়সী কোহলি ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ হবে তাঁর ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ আসরে খেলেছেন তিনি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই ব্যাটার।
বিশ্বকাপে ৩৭ ম্যাচে কোহলির সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। গড় ৫৯.৮৩। রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি। ওয়ানডেতেও ১৫ হাজার রানের মাইলফলকের খুব কাছে তিনি—৩০২ ইনিংসে করেছেন ১৪ হাজার ৯৪১ রান।
সর্বশেষ গত ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের জার্সিতে মাঠে নেমে ৬০ বলে ৭৪ রান করেন কোহলি। ম্যাচটি ২৭ রানে জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় ইংল্যান্ড।
৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়ে কোহলি বলেন, দীর্ঘ সময় ধরে একই মাত্রার তীব্রতা ধরে রাখা খেলোয়াড়দের জন্য বড় শারীরিক ও মানসিক পরীক্ষা। বিশেষ করে বিদেশের মাটিতে টানা ম্যাচ খেললে এই চ্যালেঞ্জ আরও বাড়ে।
আ.দৈ/আরএস




















