মাহমুদউল্লাহর নেতৃত্বে লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে সাবেক তারকা ক্রিকেটারদের মিলনমেলা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসর। আগামী ৩ অক্টোবর থেকে দুবাই ও শারজায় শুরু হবে টুর্নামেন্টটি। এতে বাংলাদেশ চ্যাম্পিয়নসের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আসন্ন আসরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে রয়েছেন নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, এনামুল হক জুনিয়র ও আরাফাত সানীর মতো পরিচিত ক্রিকেটাররা।
৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৯টায়।
টুর্নামেন্টে বিশ্বের সাবেক তারকা ক্রিকেটারদের মধ্যে শহীদ আফ্রিদি, যুবরাজ সিং, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স ও মঈন আলীদেরও দেখা যাবে।
লিগ পর্ব শেষে ফাইনাল হবে ১৮ অক্টোবর। বাংলাদেশ দল ৩০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।
আ.দৈ/আরএস




















