বিপিএল না হওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর
স্পোর্টস ডেস্ক

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিপিএল না হওয়ার বিষয়টি তিনি গণমাধ্যমের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন। তাঁর মতে, দেশের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট প্রতিবছরই আয়োজন করা উচিত। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিপিএল না হলে দেশি ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে টুর্নামেন্টের নিলামকে ঘিরে ক্রিকেটারদের বড় ধরনের প্রত্যাশা থাকে। তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বিসিবির একাধিক বৈঠক হয়েছে।
সম্প্রতি কোয়াব জানিয়েছে, বিপিএল না হওয়ার ক্ষতি সামাল দিতে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতায় ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম শ্রেণি, টি-টোয়েন্টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে এই বর্ধিত ম্যাচ ফি কার্যকর হবে।
আ.দৈ/আরএস




















