শেফালিকে মাঠ ছাড়ার ইঙ্গিত, শাস্তি পেলেন ফাতিমা
স্পোর্টস ডেস্ক

ভারতের ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর মাঠ ছাড়ার ইঙ্গিত দিয়ে বিতর্কে জড়ানো পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে শাস্তি দিয়েছে আইসিসি। আচরণবিধি ভঙ্গের দায় স্বীকার করায় তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
শনিবার দুবাইয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে ঘটনাটি ঘটে। পাকিস্তান মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার পর লক্ষ্য তাড়ায় ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ফাতিমার বলে ক্যাচ তুলে দেন শেফালি। ক্যাচটি নিজেই ধরে নেওয়ার পর উদযাপনের সময় শেফালিকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন পাকিস্তান অধিনায়ক।
ঘটনার পর মাঠ ও ম্যাচ কর্মকর্তারা ফাতিমার বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের শুনানিতে নিজের ভুল স্বীকার করেন তিনি। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, কোনো ব্যাটারকে আউট করার পর তাকে অপমানিত করা বা আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে—এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি অপরাধ হিসেবে বিবেচিত হয়।
গত ২৪ মাসে এটি ফাতিমার দ্বিতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে। তবে বল হাতে ম্যাচে দারুণ ছিলেন তিনি। ভারতের তিনটি উইকেটই নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। শেষ পর্যন্ত অবশ্য ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।
দুই ম্যাচে এক জয়ে পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচে সোমবার হংকংয়ের মুখোমুখি হবে। অন্যদিকে টানা জয়ে ভারত আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বৃহস্পতিবারের সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ।
আ.দৈ/আরএস




















