‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টায় বান্দরবানের পাহাড় থেকে স্কুলছাত্র উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেব নাথকে (১৩) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়। রাতুল ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের ছেলে।
পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় রাতুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি করেন। ওই দিন সন্ধ্যায় তার ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পায় পরিবার।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশনায় মতলব উত্তর থানা পুলিশের একটি দল বান্দরবান সদর থানার ১২ মাইল এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে রাতুলকে উদ্ধার করে।
প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আ.দৈ/আরএস




















