গফরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর
গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধরা। এ সময় বসতঘরের বেড়া ও চালের টিন খুলে বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়। তবে ভাঙচুরের আগে বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি থেকেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে চর কালিবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ ওঠে পাঁচজনের বিরুদ্ধে।
এ ঘটনায় রাতেই রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই নারী বাদী হয়ে শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২)–কে আসামি করে গফরগাঁও থানায় মামলা করেন।
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আ.দৈ/আরএস




















