ডিএজি ছোটনের বিরুদ্ধে রুমিনের নালিশ, ‘লেডি মীরজাফর’ বলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার রুমিন ফারহানা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার সুনিদষ্টি অভিযোগে সুপ্রিম কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদনে এ অভিযোগ করেন তিনি। আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ একটি স্ট্যাটাস দেন।
রুমিন ফারহানা আবেদনে বলেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য শুধু তার জন্য অপমানজনক নয়, একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।
আ. দৈ./ একে




















