ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উত্তরে দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করা হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াতের পক্ষ থেকে আগেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন দলের ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এদিকে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গও অনুষ্ঠানে উঠে আসে। এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা প্রথাগত রাজনীতির সঙ্গে যুক্ত হলেও এ ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে যথাযথভাবে অবগত নন, তাদের পক্ষেই এ ধরনের আচরণ করা সম্ভব।
আ.দৈ/এসআর




















