হেবা আইন বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক

সম্পত্তি হস্তান্তর আইনের বিতর্কিত সংশোধন বাতিল না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার কুরআনবিরোধী আইন না করার অঙ্গীকার করলেও সংসদে হেবা সংক্রান্ত বিতর্কিত সংশোধনী পাস করেছে।
ফয়জুল করীম বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টনের বিধান সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। তাই শরিয়াহর বিধানকে পাশ কাটিয়ে নতুন কোনো পদ্ধতি যুক্ত করার সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
তবে তিনি বলেন, জীবদ্দশায় সন্তানদের নামে সম্পত্তি হেবা করার কারণে অনেক বাবা-মা পরবর্তী সময়ে সম্পত্তি থেকে বঞ্চিত বা উচ্ছেদের শিকার হচ্ছেন। এই সমস্যা সমাধানে সামাজিক ও আইনগতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে এর জন্য শরিয়াহর বিধান পরিবর্তন করা সমাধান নয়।
বর্তমান সরকারের বিরুদ্ধে শরিয়াহবিরোধী আইন করার অভিযোগ তুলে ফয়জুল করীম বলেন, আইনটি অবিলম্বে বাতিল করা না হলে আন্দোলন আরও কঠোর হবে। একই সঙ্গে সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে হেবা আইন ইস্যুতে আগামীকাল শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আ.দৈ/এসআর




















