সরকারি নিয়োগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

নিয়োগ কার্যক্রম দ্রুত করার নামে বিএনপি সরকার সরকারি চাকরির নিয়োগ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ১০ম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছ থেকে সরিয়ে কমিটির মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাসনাত বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগসহ ১০ম গ্রেডের পদগুলোতে দীর্ঘদিন ধরে পিএসসির মাধ্যমে পরীক্ষা ও মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে আসছে। তার মতে, এই প্রক্রিয়াকে ‘ত্বরান্বিত’ করার নামে নতুন কমিটি গঠন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকারের এমন উদ্যোগের ফলে নিয়োগে রাজনৈতিক প্রভাব, পছন্দের ব্যক্তিদের সুযোগ দেওয়া কিংবা দুর্নীতির আশঙ্কা তৈরি হতে পারে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি।
হাসনাত আরও বলেন, সরকারি চাকরিতে বৈষম্যের অভিযোগ থেকেই ২০২৪ সালের আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তাই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হলে তরুণ সমাজ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।
নিয়োগে হস্তক্ষেপ করে দুর্নীতির সুযোগ তৈরি করা হলে তা সরকারের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই সংসদ সদস্য।
আ.দৈ/আরএস




















