ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চাইতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রসঙ্গে দেওয়া বক্তব্যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। বিশেষ করে নৌকাবাইচের স্থান উল্লেখ করতে গিয়ে তিনি সিলেটের বদলে ব্রাহ্মণবাড়িয়া বলেছিলেন বলে জানান।
পুলিশের কনসার্ট বন্ধের ঘটনাও ব্যাখ্যা করে হাসনাত বলেন, উচ্চ শব্দে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হওয়ায় শিক্ষার্থীরা শুধু শব্দ কমানোর অনুরোধ করেছিলেন। এটিকে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয় হিসেবে উপস্থাপন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল কোনো সম্প্রদায় বা এলাকার মানুষের সমালোচনা করা নয়; বরং সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দায়িত্বের কথা তুলে ধরা। তিনি বলেন, বাংলাদেশে মসজিদ, মন্দির, সংগীত, ওয়াজ, মাহফিল, কনসার্ট, সিনেমা উৎসবসহ সবার নিজস্ব মত ও সংস্কৃতি চর্চার সুযোগ থাকতে হবে।
জুলাই আন্দোলনের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে একটি বৈচিত্র্যময় ও সর্বজনীন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।
আ.দৈ/আরএস




















