প্রশ্নের জবাব দিতে না পারলে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ টানেন স্বরাষ্ট্রমন্ত্রী: সারজিস
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হলে প্রসঙ্গ ঘুরিয়ে শাহবাগ ও পল্টনের কথা টেনে আনেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘একই পরিবারের চারজনকে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিহতদের একজন শিক্ষক ছিলেন। তার অসংখ্য শিক্ষার্থী ছিল। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অথচ খুনিদের গ্রেপ্তারে বিশেষ কোনো অভিযান বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে প্রশ্ন করা হলেও তিনি প্রশ্নকারীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। যখন তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারেন না, তখন শাহবাগ বা পল্টনের প্রসঙ্গ নিয়ে আসেন।’
এনসিপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে সারজিস বলেন, ‘এনসিপি সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায়। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রম নিয়েও আমরা তথ্য প্রকাশ করেছি।’
তিনি বলেন, ‘আমরা কোনো পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই না। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে গঠনমূলক রাজনীতি করতে চাই।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করা না গেলে কখনোই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি আমাদের সমালোচনা গ্রহণ করতে পারছে না। তারাও ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি দেশের জন্য ক্ষতিকর।’
আ.দৈ/আরএস




















