
জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের আচরণ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেছেন, এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের প্রায় ৯০ জন সংসদ সদস্যকে সরব হতে হচ্ছে।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ঘোষণার পর জামায়াতের আমির প্রথমবার সংসদে যাওয়ায় বিরোধী দলের মধ্যে এক ধরনের ‘গরম ভাব’ তৈরি হয়েছে। এ কারণেই তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় একযোগে প্রতিবাদ করছেন।
তিনি দাবি করেন, বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে বাধা দিলেও সরকারি দলের সংসদ সদস্যরা ভদ্রতা দেখিয়েছেন। চাইলে তারাও বিরোধী দলের বক্তব্যের সময় হৈচৈ করতে পারতেন, কিন্তু বিএনপি সরকারে থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হচ্ছে।
রাশেদ খান আরও বলেন, বিরোধী দলকে সংসদে পর্যাপ্ত কথা বলার সুযোগ দেওয়া উচিত। এমনকি তাদের বক্তব্য অযৌক্তিক মনে হলেও বলতে দিতে হবে। তার ভাষায়, ‘বলতে বলতেই তারা শিখবে।’
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিরোধী দলের সঙ্গে অতিরিক্ত যুক্তিতর্কে না জড়ানোর পরামর্শও দেন।




















