‘এখন বাড়ি গিয়ে কার কাছে ফিরব’—জামিন প্রত্যাহার চান দীপু মনি
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী দীপু মনি। স্বামীর মৃত্যুর পর বাড়ি ফেরার আর তাড়া নেই জানিয়ে আবেগঘন বক্তব্য দেন তিনি।
বৃহস্পতিবার জুলাই আন্দোলনকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-১-এ তাকে হাজির করা হয়। এ সময় দীপু মনি জানান, দীর্ঘদিন কারাবন্দি থাকার পর গত এপ্রিলে তার জামিন আবেদন করা হয়েছিল। অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজের পাশে থাকার জন্যই মূলত জামিন চাওয়া হয়েছিল। কিন্তু গত ১৮ আগস্ট স্বামীর মৃত্যু হওয়ায় সেই প্রয়োজন আর নেই।
দীপু মনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গীর জীবনের শেষ সময়ে তার পাশে থাকতে পারেননি। এখন বাড়িতে গিয়ে কার কাছে ফিরবেন—এমন প্রশ্ন তুলে তিনি জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছা জানান।
তবে তার আইনজীবী জানান, জামিনের আবেদন প্রত্যাহারের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অন্যদিকে প্রসিকিউশন জানায়, মামলাটি বড় হওয়ায় তদন্তে সময় লাগছে। ৪৫ আসামির এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আদালত দীপু মনির বক্তব্যে সমবেদনা জানিয়ে বলেন, তার আবেদনের যৌক্তিকতা রয়েছে, তবে বিষয়টি বিবেচনায় নিতে হবে।
আ.দৈ/এসআর




















