‘মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’—বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী
নিজস্ব প্রতিবেদক

এক মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা অভিনেত্রী ও মডেল শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষকে এবার ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন কারাগার থেকে আদালতে হাজির করার সময় অসুস্থ হয়ে পড়েন মিষ্টি সুভাষ। হাজতখানা থেকে বের হওয়ার পর মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে পুলিশ সদস্যরা তাকে আবার ভেতরে নিয়ে যান। পরে সুস্থ বোধ করলে তাকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।
শুনানির সময় বিচারকের কাছে কথা বলার অনুমতি নিয়ে নিজের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়ার অভিযোগ করেন তিনি। মিষ্টি সুভাষ দাবি করেন, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়াকে কেন্দ্র করে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হচ্ছে। এ সময় তিনি বলেন, বারবার মামলা না দিয়ে তাকে গুলি করে মেরে ফেলতে।
মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন তার আইনজীবী গোলাম রাব্বানী। তবে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত পুলিশকে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় মিষ্টি সুভাষকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং এর মধ্যে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
কারামুক্তির প্রক্রিয়া চলার মধ্যেই আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গত ৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতোয়ার রহমান এ আবেদন করেন। শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আ.দৈ/আরএস




















