রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালের কম্পিউটারে লাইসেন্স করা উইন্ডোজ চাইলেন পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ০)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ সফটওয়্যারকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ দাবি করে লাইসেন্স করা সফটওয়্যার ব্যবহারের অনুরোধ জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনালের কাছে এ অনুরোধ জানান তিনি। এ সময় বিচারকের আসনে ছিলেন মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে দায়ের করা মামলার নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষ্যের জবানবন্দি শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কথা বলেন পলক। নবম সাক্ষীকে জেরা শুরুর আগে আইনজীবীর সঙ্গে পরামর্শ, নামাজ ও দুপুরের খাবারের জন্য দুই ঘণ্টা সময় দেওয়ার আবেদন জানান তিনি।

এ সময় নিজের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন পলক। তিনি জানান, তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এবং দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথায় ভারী কিছু না দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাইব্যুনালকে নিরাপদ স্থান উল্লেখ করে এত কঠোর নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন পলক।

এরপর ট্রাইব্যুনালের সাইবার নিরাপত্তা প্রসঙ্গে পলক বলেন, এখানকার কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ সফটওয়্যার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা উইন্ডোজ ব্যবহারের অনুরোধ জানান তিনি।

পলকের বক্তব্যের পর এ বিষয়ে প্রসিকিউশনের মতামত জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম তাঁর চাওয়া দুই ঘণ্টা সময় দেওয়ার বিরোধিতা করেন। নিরাপত্তাব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় এবং এ নিয়ে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের কিছু করার নেই বলে জানান তিনি।

উইন্ডোজ সফটওয়্যারের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে প্রসিকিউটর বলেন, এ বিষয়ে আইটি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা হবে। পরে ট্রাইব্যুনাল নির্দেশ দেন, কম্পিউটারে কোনো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝