অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ‘অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক’: খোকন
নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে ‘অনভিপ্রেত’ ও ‘অপ্রাসঙ্গিক’ বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খোকন। প্রধান বিচারপতির এজলাস ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, আইনজীবীদের প্রতিনিধি হিসেবে তাদের স্বার্থের কথা বলাই তার দায়িত্ব।
খোকনের দাবি, সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে তিনি আইনজীবীদের পক্ষ হয়ে প্রধান বিচারপতির কাছে কথা বলেছেন। জরিমানার বিষয়েও তিনি একজন জুনিয়র আইনজীবীর ওপর পাঁচ লাখ টাকা জরিমানা বেশি হয়ে গেছে উল্লেখ করে তা মওকুফের অনুরোধ করেছিলেন।
আপিল বিভাগে বেঞ্চের সংখ্যা কমে যাওয়ায় মামলা শুনানির সুযোগ কমেছে বলেও দাবি করেন খোকন। তার ভাষ্য, আগে তিনটি বেঞ্চে নিয়মিত শুনানি হলেও বর্তমানে একটি বেঞ্চে কার্যক্রম চলায় বিপুলসংখ্যক মামলা অপেক্ষমাণ রয়েছে। এতে আইনজীবীদের কাজ ও আয়ও কমেছে বলে দাবি করেন তিনি।
এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জরিমানা মওকুফের অনুরোধের পর প্রধান বিচারপতি আদালতের সঙ্গে প্রতারণা ও গুরুতর জালিয়াতির বিষয় বিবেচনা করেই আদেশ দেওয়া হয়েছে বলে জানান। পরে আইনজীবীদের আয় কমে যাওয়ার বক্তব্যকে প্রধান বিচারপতি আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেন এবং এরপর এজলাস ত্যাগ করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
গত ৮ সেপ্টেম্বর ওই ঘটনার একপর্যায়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে যান। এরপর ঘটনা নিয়ে বার সভাপতি, অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পৃথকভাবে সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।
আ.দৈ/আরএস




















