জিয়াউর রহমানকে কর্নেল মতিউর সরাসরি গুলি করেছিলেন, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ
নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান।
এর দুই দিন পর, ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালানো হয়। প্রসিকিউটর তানভীর জোহার ভাষ্য অনুযায়ী, ওই হামলায় কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি করে জিয়াউর রহমানকে হত্যা করেন।
তবে জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেন অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে জানান প্রসিকিউটর। হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য জানতে তাকে সোমবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে একদল সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। সেই মামলার বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
এর আগে গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। এবারের জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
আ.দৈ/আরএস




















