বিএনপি সরকারের ১৮০ দিন ‘সম্পূর্ণ ব্যর্থ’: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সরকারের অগ্রাধিকার দেওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ—তিন ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে।
সোমবার এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ১৮০ দিনে সরকার ২৯টি ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাঁর দাবি, এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই—এমনটাই প্রমাণিত হয়েছে।
সরকারের অপরিকল্পনা, অদক্ষতা ও দুর্নীতির কারণে ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভায় পরিবর্তন আনতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেন নাহিদ।
তিনি বলেন, আরও ছয় মাস পর সরকার আগের সরকার বা অন্তর্বর্তী সরকারের দায় দেখিয়ে নিজেদের ব্যর্থতা এড়াতে পারবে না। সংকট সমাধান ও পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা থেকে সরে না এলে সরকারকে ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এনসিপি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট, ওষুধনীতি, সার, মানবাধিকার ও ভূমি কমিশন আইনসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা হবে।
আ.দৈ/আরএস




















