সরকারি হাসপাতালে গরীর রোগীর চিকিৎসায় পরীক্ষা হবে না কেনো : জামায়াত নেতা সেলিম
নিজেস্ব প্রতিবেদক

বর্তমানে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা যথাযথভাবে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন । তিনি বলছেন, অর্থের অভাবে অনেক মানুষ বেসরকারি হাসপাতালে উচ্চমূল্যের চিকিৎসা ও পরীক্ষা করাতে পারছে না।
তিনি বলেন, পয়সা দিলে সব ঠিক, পয়সা নাই তো চিকিৎসা পাবেন না— এমন পরিস্থিতি থেকে মানুষকে বের করে আনতে হবে। চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার (২১ আগস্ট) মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারা বছর বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যেন অসচ্ছল ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পেলে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকরণ এবং কম খরচে সরকারি চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালগুলোকে দ্রুত সার্জারি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনার কথাও জানান তিনি।
জামায়াতের এ নেতা বলেন, আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তুলতে চাই। চিকিৎসাক্ষেত্রে এমন পরিবর্তন আনতে চাই, যেন উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়।
দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, দেশের অর্থ যেন অপ্রয়োজনীয়ভাবে বিদেশে চলে না যায় এবং চিকিৎসার নামে অর্থপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ঢাকা নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করে সেলিম উদ্দিন বলেন, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। আগামী দিনে ঢাকা সিটির নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান। উদ্বোধন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। কর্মসূচিতে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
আ. দৈ./একে




















