প্রধানমন্ত্রীর উদ্যোগেবদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণমুখী ও সংস্কারধর্মী নানা উদ্যোগে বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
রোববার (১৬ আগস্ট) বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের ছয় মাসের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের কথা তুলে ধরেন। মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের ভঙ্গুর রাষ্ট্রকাঠামো পুনর্গঠন, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি জানান, প্রায় ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় নেতাদের ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে বন্ধ শ্রমবাজার চালু ও দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের সংকট ছয় মাসে পুরোপুরি সমাধান করা কঠিন। তবে বিকল্প উৎস থেকে সাশ্রয়ী মূল্যে গ্যাস ও জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার চালুর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগস্টের শেষ নাগাদ বাজারটি খুললে পরবর্তী চার মাসে এক লাখের বেশি কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
আইনশৃঙ্খলা ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি দাবি করেন, দেশে সংবাদপত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো অপরাধীকেই রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়ায় ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।
অর্থনীতি প্রসঙ্গে তিনি জানান, ওয়ান স্টপ সার্ভিস কার্যকর, বন্দরে ২৪ ঘণ্টা কার্গো সেবা এবং কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য আগামী দিনে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা।
আ.দৈ/আরএস






















