রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বিশেষ প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় অপরটি নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। তাঁর নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। একটি বৈধ হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক আহ্বান করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের সদস্যরা। তাঁদের প্রকাশ্য ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আ.দৈ/এসআর




















