ঢাকা দক্ষিণের জুরাইনে অবৈধভাবে রাস্তা খননকালে আটক-২, সরঞ্জাম জব্দ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়াই জুরাইনে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যে সড়ক খননকালে দুই জন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার, ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের জুরাইনের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে এই ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মোঃ রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, রাস্তা খননে ডিএসসিসির প্রকৌশল বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি। জুরাইনের মুরাদপুরে, হোল্ডিং নং ৩০৭ শরীফ মঞ্জিলের জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে অবৈধভাবে ভালো রাস্তা খনন শুরু করে।
ক্ষমতার দাপটে ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরের কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধ গ্যাস সংযোগের জন্য ওই সড়কটি খনন করা হচ্ছিল। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই জন শ্রমিককে আটক করা হয়। অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত ২ টি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং ২ টি কর্নি জব্দ করা হয়েছে।
পরবর্তীতে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক সহযোগিতায় আটককৃত দুই শ্রমিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় ডিএসসিসিসর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আ. দৈ./ একে




















