জাতীয় গ্রিড পুনরুদ্ধার, ধীরে ধীরে কমবে লোডশেডিং
নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের পর জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ কার্যক্রম শেষ হয় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি)। বর্তমানে দেশের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
বিভ্রাটের পরপরই জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পিজিবিপি জানায়, গ্রিডের সব লাইন ও উপকেন্দ্র চালু হলেও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে কেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় চলমান লোডশেডিং কমে আসবে।
অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
আ.দৈ/আরএস




















