মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

মানুষকে ভোলানো কিংবা শুধু কথা বলে ভোট নেওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও এই লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে দিনাজপুরের এই অঞ্চল দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মুখোমুখি। জেলা শহর থেকেও এ অঞ্চলের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। তাই এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
মন্ত্রী আরও বলেন, তরুণদের জাগিয়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করাই চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। এ আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জাহিদ হোসেন বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো দিনাজপুর জেলাকে দেশের সামনে সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। মেলাটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















