ধানমণ্ডিতে শিল্পীদের মানববন্ধনে পুলিশের বাধার অভিযোগ, আটক দীপক শীল
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক শীলকে আটক করে পুলিশ।
সোমবার বিকেল ৪টায় ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে মানববন্ধনটি আয়োজনের কথা ছিল। দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। বিকেল থেকেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মানববন্ধনে অংশ নিতে আসা অভিনেত্রী সুমনা সোমা অভিযোগ করেন, পুলিশ সদস্যরা তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করেন। তাঁর ভাষ্য, এ নিয়ে প্রতিবাদ করলে পুলিশের এক সদস্য বলেন, ‘জয় বাংলা স্লোগান নষ্ট হয়ে গেছে’। এ সময় দীপক শীলসহ তাঁরা প্রতিবাদ জানালে পুলিশ সদস্যরা তাঁদের টেনেহিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যান।
পরে দীপক শীলকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তাঁকে নিয়ে যাওয়ার পরও ঘটনাস্থলে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন সুমনা সোমা। এ সময় কয়েকজন যুবক এসে তাঁকে বাধা দেন।
তবে ঘটনাস্থলে থাকা মিজান নামে এক পুলিশ সদস্য বলেন, মানববন্ধনে কাউকে বাধা দেওয়া হয়নি। একজন উগ্র আচরণ করায় তাঁকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
আ.দৈ/আরএস




















