বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চারজন
নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চারজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার ও সাবেক সরকারি কর্মকর্তা ইসমাইল জবিউল্লাহ।
শনিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই তাদের স্থায়ী কমিটিতে নেওয়া হয়েছে বলে জানায় বিএনপি।
রুহুল কবির রিজভী দীর্ঘদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। আমান উল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক। ফরহাদ হালিম একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা।
১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য ছিলেন। জমির উদ্দিন সরকারের মৃত্যু ও কয়েকটি পদ শূন্য থাকায় নতুন চারজনকে যুক্ত করা হয়েছে। এতে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে দলীয় পদ ছাড়তে হবে, ফলে স্থায়ী কমিটিতে আরও সদস্য নেওয়ার সুযোগ তৈরি হবে।
আ.দৈ/আরএস




















