রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, দলীয় চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফখরুলের নাম প্রায় চূড়ান্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের প্রায় সবাই জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে এ বিষয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর মধ্যেই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক নেতা নিশ্চিত করেছেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।
এদিকে রোববার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম দুটি সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় সমর্থনে বড় কোনো পরিবর্তন না হলে বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে জাতীয় সংসদে ভোটগ্রহণ হতে পারে। তবে মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।
এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২০ আগস্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আ.দৈ/আরএস






















