হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর খাস কামরায় প্রধানমন্ত্রীর বৈঠক
আজগর আলী , ফটিকছড়ি (চট্টগ্রাম)

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরে প্রধানমন্ত্রীকে মাদ্রাসার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবুনগরীর খাস কামরায় দুজনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।
তবে রুদ্ধদ্বার বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, সাক্ষাতে মূলত হেফাজত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয়েছে।
এর আগে রোববার বাঁশখালী থেকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ফটিকছড়ির বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ ও মাদ্রাসাশিক্ষার্থী অবস্থান নেন
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় দেখা যায়।

মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আন্তরিক মুহূর্ত উপস্থিতদের নজর কাড়ে।
হেফাজতে ইসলামের আমিরের সাথে বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এতে স্থানীয় আলেম-ওলামা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। সভায় হেফাজতের পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হেফাজতে ইসলামের উত্থাপিত দাবিগুলোকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি বলেন, হেফাজতের অনেক দাবিই সরকারেরও বিবেচনার বিষয় এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে।
ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের এই সাক্ষাৎকে তাই রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের পর সরকার ও হেফাজতের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি মতবিনিময় হওয়ায় এ সাক্ষাৎ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
আ. দৈ./কাশেম




















