জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক

জুলাই স্মৃতি জাদুঘরকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর ইতিহাসে সীমাবদ্ধ না রেখে গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও ত্যাগ যথাযথভাবে জাদুঘরে উঠে আসেনি। বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং ঢাকার বাইরের মানুষের ভূমিকা আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার প্রয়োজন রয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জাদুঘরের কিছু প্রদর্শনীতে সীমান্ত হত্যা ও ফেলানী হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার স্বার্থে এসব বিষয় বাদ দেওয়া হয়ে থাকলে তা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাদুঘরে বিএনপির ওপর নির্যাতনের কিছু বিষয় যুক্ত করা হলেও জুলাই গণঅভ্যুত্থানের সামগ্রিক চিত্র এখনো পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়নি। পরিচিত কিছু ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়ার পরিবর্তে আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের অবদানও সামনে আনার দাবি জানান তিনি।
জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত করার দাবি জানিয়ে নাহিদ বলেন, আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের অংশগ্রহণে প্রতিষ্ঠানটি পরিচালনা করা উচিত।
জাদুঘরের নিরাপত্তা ও জনবল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত না হলে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেন এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি ভবন নয়; এটি দেশের একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে কোনো দলের দৃষ্টিভঙ্গি নয়, বরং আন্দোলনের প্রকৃত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ করতে হবে।
আ.দৈ/আরএস





















