রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জের পর সিলেটেও এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা-ভাঙচুর
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৫:৩৭ পিএম  (ভিজিট : ৪২)
X

হবিগঞ্জের পর আবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপি নেতার বহরের একটি গাড়ির কাচ ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে পৌরসভা এলাকার নূর ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির অভিযোগ, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের জন্য সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে একটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে কানাইঘাটের উদ্দেশে রওয়ানা হওয়ার সময় পৌরসভা ফটকের সামনে তাদের গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক ‘ভুয়া ভুয়া’ ও ‘এনসিপি ভুয়া’ স্লোগান দেন। স্থানীয়ভাবে তারা ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচিত। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী গাড়িবহরের দিকে এগিয়ে যান এবং একটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে এনসিপির নেতারা গোলাপগঞ্জে পৌঁছালে চৌমুহনী এলাকায়ও তাদের বিরুদ্ধে একই ধরনের স্লোগান দেওয়া হয়। পরে তারা নির্ধারিত কর্মসূচি পালন করে পৌরসভা মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, ‌‌‌‘ভাঙচুরের ঘটনায় কেউ আহত হননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এনসিপির নেতারা নিরাপদে গোলাপগঞ্জ ত্যাগ করেছেন।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, গোলাপগঞ্জে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি হামলার জন্য বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝