পালিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “যে পালিয়ে যাওয়ার পর বলে ফিরে আসবে, সে আর কখনোই ফিরে আসে না।”
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে বাংলাদেশ নাগরিক পার্টি আয়োজিত জুলাই পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। হাসনাত দাবি করেন, বিদেশে বসে দেশে ফেরার কথা বলে নেতাকর্মীদের মাঠে নামানো হলে তারা সহিংসতার শিকার হতে পারে।
পথসভায় তিনি শিক্ষামন্ত্রীরও কঠোর সমালোচনা করেন। তাকে ‘সাইকো’ আখ্যা দিয়ে বলেন, সংসদে ক্ষমা চাওয়ার পরও শিক্ষকদের বদলি করে প্রতিশোধ নেওয়া হয়েছে। প্রশাসন ও মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিরীহ শিক্ষকদের ওপর চাপানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, তার সম্পদ আগের তুলনায় ২৫ গুণ বেড়েছে এবং তার পরিবারের সদস্যরা ব্যাংকের উচ্চপদেও ছিলেন।
প্রশাসনের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করলে সহযোগিতা করা হবে। তবে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করলে ৫ আগস্টের ঘটনার কথা স্মরণ রাখতে হবে। পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন আকতার হোসেন, ড. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা থেকে পদযাত্রা শেষে মেহেরপুরের গাংনীতে পৌঁছায় দলটির নেতাকর্মীরা। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সভা শেষে তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।
আ.দৈ/আরএস




















