শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: ‘অলি
নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, “জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক হলে সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।”
শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ ছিল দেশজুড়ে চলমান বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন।
অলি আহমদ দাবি করেন, “এই তিন নেতা এক হলে ঢাকায় যেকোনো সময় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ এবং টঙ্গী, সায়দাবাদ ও মিরপুরে সড়ক অবরোধ করতে পারবেন।”
তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকারের আমলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং নিত্যপণ্যের মূল্য বেড়েছে।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, “একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না—এই প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোট দিয়েছিল। এটা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে ‘এক দফা, এক দাবি এই সরকার কবে যাবি’ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”
আ.দৈ/আরএস




















